Showing posts with label জয় গোস্বামী. Show all posts
Showing posts with label জয় গোস্বামী. Show all posts

Friday, April 19, 2013

মালতীবালা বালিকা বিদ্যালয় --- জয় গোস্বামী

বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব
বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাব?
বেণীমাধব মোহন বাঁশি তমাল তরু মূলে
বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে।
ডেস্কে বসে অংক করি, ছোট্ট ক্লাস ঘর
বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর।
আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি,
আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়ি।

বেণীমাধব, বেণীমাধব, পড়াশুনায় ভাল
শহর থেকে বেড়াতে এলে, আমার রঙ কালো।
তোমায় দেখে পালিয়ে গেছি একদৌড়ে ঘরে
বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে।
কু্ন্জে তবু গু্ন্জে অলি ফুটেছে মন্জরী
সন্ধ্যা বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি।
আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো
ব্রীজের ধারে, বেণীমাধব, লুকিয়ে দেখা হলো।

বেণীমাধব, বেণীমাধব, এতোদিনের পরে
সেসব কথা এখনো কি আর তোমার মনে পড়ে?
সেসব কথা বলেছ কি তোমার প্রেমিকাকে?
আমি কেবল এ একটিবার তোমার পাশে তাকে,
দেখেছিলাম আলোর নীচে, অপূ্র্ব সে আলো।
স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো।
জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ
বাড়ীতে এসে বলেছিলাম - ওদের ভালো হোক।

রাতে এখন ঘুমোতে যাই - একতলার ঘরে
মেঝের পরে বিছানা পাতা, জো্ত্স্না এসে পড়ে।
আমার পরে যে বোন ছিল, চোরাপথের বাঁকে
হারিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে।
আজ জুটেছে? কাল কি হবে? আমার ঘরে শনি
আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি।
তবু, আগুন - বেণীমাধব, আগুন জ্বলে কই?
কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?